বিনোদন ডেস্ক
দীর্ঘদিন ধরেই নিজেকে অভিনয় থেকে দূরে রেখেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সবশেষ দাবাং থ্রি সিনেমায় দর্শকরা তাকে পর্দায় দেখেছিল। দাবাং থ্রি সফলতার মুখ দেখলেও এরপর আর তাকে নতুন কোনো সিনেমায় দেখেনি ভক্তরা। এবার সোনাক্ষী ভক্তদের জন্য সুখবর হলো সঞ্জয় লীলা বানসালির হাত ধরে বিরতীর অবসান ঘটাচ্ছেন এই অভিনেত্রী। তবে সিনেমা দিয়ে নয়, সঞ্জয়ের ওয়েব সিরিজ ‘হীরা মণ্ডি’ দিয়ে ফিরছেন তিনি। জানা গেছে, সঞ্জয়ের অন্যান্য সিনেমার মতো এই সিরিজটিও একটি একটি পিরিয়ড ড্রামা। ১৮০০ সাল থেকে ১৯৫০ সালের পটভূমিকায় আবর্তিত হবে সিরিজটির গল্প। সিরিজটি ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে। ওয়েব সিরিজটিতে সোনাক্ষী গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন। প্রাথমিকভাবে সবকিছু চূড়ান্ত করেছেন সোনাক্ষী। সোনাক্ষীর সঙ্গে এতে আরো দেখা যাবে হুমা কুরেশি, নিমরত কউর, সায়নী গুপ্ত, মনীষা কৈরালার মতো শিল্পীদের।
সোনাক্ষী বলেন, ‘আমি আড়ালে চলে যাইনি। আসলে নানা কারণে একটু দূরে ছিলাম। তাছাড়া ভালো চরিত্র কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঞ্জয় লীলার সঙ্গে আমার নতুন এই যাত্রা নিশ্চয় ভালো কিছুরই ইঙ্গিত দেয়। আশা করছি আমার ভক্তরা আগের মতোই পাশে থাকবেন।’
উল্লেখ্য, এই সিরিজটি ছাড়া সোনাক্ষীকে এ বছর দেখা যেতে পারে ‘ভুজ:দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমায়।
