পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার সহায়তায় এশিয়া সহযোগিতা সংলাপের অন্তর্ভুক্ত দেশসমূহে একটি টেকসই এবং স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠা করে বিশ্ব বাণিজ্যকে আরও সুসংহত করতে হবে।
‘নতুন স্বাভাবিক, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পর্যটন’ শীর্ষক এসিডির ১৭তম মন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তুরস্কের আয়োজনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলু চাভুসৌলু।
আরও পড়ুন: পৃথিবীর বুকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল: শাহরিয়ার আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোভিড ১৯ মহামারি উদ্ভূত ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশীয় পর্যটনগুলির উন্নয়ন একটি অন্যতম সম্ভাব্য উপায় হতে পারে ।
তিনি জানান, মহামারির ফলে ২০২০ সালে বাংলাদেশের এই উদীয়মান পর্যটন খাতের মোট ক্ষতি প্রায় ১৮০ বিলিয়ন টাকা। পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকার ২০২০-২১ অর্থবছরের বাজেটে প্রায় ৩৬৮৮ কোটি টাকা বরাদ্দ করেছে।
এসিডির ১৭তম মন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠক। ছবি: সংগৃহীত
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প, প্রাকৃতিক সম্পদ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো পর্যটন শিল্পকে সমৃদ্ধ করেছে।
আরও পড়ুন: রেমিটেন্স যোদ্ধাদের দুর্দশা লাঘবে মিশন প্রধানদের সচেষ্ট থাকতে বললেন পররাষ্ট্রমন্ত্রী
বৈঠকে প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান রোহিঙ্গা প্রত্যাবাসনে নিহিত রয়েছে। ব্যাপক সংখ্যক রোহিঙ্গাদের উপস্থিতিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কক্সবাজারের পর্যটন এলাকা পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।
এসিডি’র বৈঠকে উপস্থিত ছিলেন- তুরস্ক, কম্বোডিয়া, ভুটান, নেপাল, থাইল্যান্ড, আফগানিস্তান, শ্রীলংকা, মিয়ানমার, কুয়েত, বাহরাইন, কাজাখিস্তান, লাওস ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ এবং মালয়েশিয়া, জাপান, ভিয়েতনাম, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রীবৃন্দ।
ইত্তেফাক/জেডএইচ

