প্রাণঘাতী করোনা ভাইরাসে ইতি ঘটলো ৭০ বছরের সংসার জীবন। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত একে অপরের হাত ধরেছিলেন তারা। কয়েক মিনিটের ব্যবধানে তাদের মৃত্যু হয়। খবর নিউজ ১৮ডট কমের
গত ২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ডিক-শার্লি দম্পতির ৭০ তম বিবাহবার্ষিকী পালন করা হয়। কে জানতো এটাই তাদের শেষ বিবাহবার্ষিকী ছিল। এর কয়েক সপ্তাহ পরই (৮ জানুয়ারি) তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়। দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। প্রথমে দুই জনকে আলাদা আলাদা কক্ষে রাখা হয়েছিল। কিন্তু ডিকের শারীরিক অবস্থার অবনতি হতেই ছেলেমেয়েরা তাদের মা-বাবাকে পাশাপাশি বেডে স্থানান্তরিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। পরে তাদের একই কক্ষে নিয়ে আসা হয়। ‘হোয়েন দ্য রিভার মিটস সি’ গানটি শুনতে চান ডিক (৯০)। তাদের কক্ষে খুব আস্তে বাজিয়ে দেওয়া হয় সেই গান। একে অপরের হাত ধরে গান শুনতে শুনতেই চলে যান শার্লি (৮৭)। তার মিনিটখানেকের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডিকও।
