প্রচার-প্রচারণা এখন তুঙ্গে

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:৪৬

 

কোটচাঁদপুর পৌর নির্বাচন

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির একক প্রার্থী আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ আরো দুজন বিদ্রেহী প্রার্থী রয়েছেন। আগামী ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।  প্রচারণা এখন তুঙ্গে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. শাহাজাহান আলি, বিএনপি মনোনীত সাবেক মেয়র এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল, সতন্ত্র সাবেক মেয়র মো. জাহিদুল ইসলাম ও সহিদুজ্জামান সেলিম। এ পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৪৯৩ জন।

মির্জাপুরে প্রার্থীদের জমজমাট প্রচারণা

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, মির্জাপুরে পৌরসভার নির্বাচনে শেষ মুহূর্তে মেয়র-কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। মেয়র পদে আওয়ামী লীগের নারী মেয়র প্রার্থী সালমা আক্তার শিমুল এবং বিএনপির মেয়র প্রার্থী ডি এম শফিকুল ইসলাম ফরিদ দুই প্রার্থীসহ সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর ও সাধারণ আসনে পুরুষ কাউন্সিলর প্রার্থিগণ ভোটের মাঠে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে মির্জাপুর পৌরসভার নির্বাচন। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত মির্জাপুর পৌরসভার  মোট ভোটার ২১ হাজার ৬৬৯ জন। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী পথসভাসহ প্রচারণায় নেমেছেন। মেয়র পদে দুই জন, সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর প্রার্থী ১১ জন এবং সাধারণ আসনে পুরুষ কাউন্সিলর প্রার্থীসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাপস সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এ এস এম কামরুল হাসান জানিয়েছেন, ১০টি কেন্দ্র ও ৬৪ টি বুথে ভোটগ্রহণ করা হবে।

পাইকগাছায় উত্সবের আমেজ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, নির্বাচনকে সামনে রেখে গোটা নির্বাচনি এলাকা ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। পাইকগাছা পৌর এলাকায় এখন চলছে উত্সবের আমেজ। তবে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনি শারীরিক অসুস্থতা দেখিয়ে ইতিমধ্যে তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় সংশ্লিষ্ট পদে খানিকটা নিরুত্তাপ, নির্বাচন মূলত মাতিয়ে রেখেছেন কাউন্সিলর পদের প্রার্থীরা। মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত সেলিম জাহাঙ্গীর ও কমিউনিস্ট পার্টির অ্যাড. প্রশান্ত কুমার মন্ডল ছাড়াও ৯টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জনসহ মোট ৪৭ জন প্রার্থী পরস্পরকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাইকগাছা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পাইকগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই জন প্রার্থীসহ সংরক্ষিত নারী কাউন্সিলর ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।