সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এ রায় দেন। আসামির নাম আজগার আলী। নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধন বাপী জানান, পুত্রবধূকে ধর্ষণের মামলায় সৈয়দপুর উপজেলার সোনাখুলি গ্রামের আজগার আলীকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বিবরণ দিয়ে তিনি বলেন, ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর বাড়িতে একা পেয়ে পুত্রবধূকে ধর্ষণ করে আজগার আলী। এ ঘটনায় ধর্ষণের শিকার পুত্রবধূ ঐ বছরের ১৩ অক্টোবর শ্বশুরকে আসামি করে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন।
