সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যায় আরও এক আসামি গ্রেফতার

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:৪৮

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌরসভার চাঞ্চল্যকর নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যায় আসামি জাহিদুল ইসলামকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ঢাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহূত রক্তমাখা চাইনিজ ছোরাটিও জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। গ্রেফতারের পর সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এর আগে হত্যাকাণ্ডে জড়িত স্বপন বেপারী নামের আরো একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুপার হাসিবুল আলম জানিয়েছেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।  উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের ফল ঘোষণার পর বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খানকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে হত্যা মামলা দায়ের করেন।