এবার অ্যানফিল্ডেও হারল লিভারপুল

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:৫১

অ্যাটলেটিকোর জয়রথ অব্যাহত

স্পোর্টস ডেস্ক

লিভারপুলের দুঃস্বপ্নের যাত্রা যেন আর শেষই হচ্ছে না। লিগে প্রায় চার বছর পর এবার ঘরের মাঠে পরাজয়ের মুখ দেখল ইংলিশ চ্যাম্পিয়নরা। বুধবার খর্বশক্তির বার্নলির বিপক্ষে ১-০ গোলের এই পরাজয়ে অলরেডদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা অনেকটাই মিলিয়ে গেছে এখন। অন্যদিকে লা লিগায় লুইস সুয়ারেজের জোড়া গোলে এইবারকে ২-১ ব্যবধানে হারিয়েছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ।

অ্যানফিল্ডে আক্রমণভাগের নিয়মিত কয়েক জনকে বসিয়ে রেখে কিছুটা ব্যতিক্রমী ‘ফ্রন্ট থ্রি’ নিয়ে ম্যাচ শুরু করেছিলেন লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ। ওরিগি-মানে-শাকিরিদের নিয়ে গড়া নতুন লাইনাপের কাঁধেও যেন চেপে বসেছিল পুরনো ভূত। বারবার আক্রমণে গেলেও গোলের দেখা পাচ্ছিল না কেউই। একবার ফাঁকা গোলপোস্ট পেয়েও গোল করতে পারেননি দিভক ওরিগি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মোহামেদ সালাহ ও রবার্তো ফিরমিনো নামলেও অবস্থার কোনো পরিবর্তন আসেনি। পরিণতি যখন আরেকটি গোলশূন্য ম্যাচের দিকেই গড়াচ্ছিল, তখন গোলরক্ষক এলিসন বেকারের ভুলে পেনাল্টি খোয়ায় লিভারপুল। ৮৩ মিনিটে সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এক ঐতিহাসিক জয়ের সাক্ষী করেন বার্নলি স্ট্রাইকার অ্যাশলি বার্নস। প্রায় ৪৬ বছর পর অ্যানফিল্ডে জয়ের দেখা পেয়েছে বার্নলি। আর ২০১৭ সালের এপ্রিলের পর এই প্রথম কোনো প্রিমিয়ার লিগ দল অ্যানফিল্ডে পরাভূত করেছে য়ুর্গেন ক্লপের শিষ্যদের। লিগে এ নিয়ে টানা পাঁচ ম্যাচ ধরে জয়ের দেখা পাচ্ছে না লিভারপুল। গোলের দেখা পাচ্ছে না চার ম্যাচ ধরে। যার ফলে টেবিলের শীর্ষে থেকে বড়দিন উদ্যাপন করা অলরেডরা এখন ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে। 

লা লিগায় লুইস সুয়ারেজের জোড়া গোলে এইবারের বিপক্ষে জিতেছে অ্যাটলেটিকো। এইবারের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ১২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান এইবার গোলরক্ষক মার্কো দিমিত্রভিচ। গোলরক্ষক হয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল করার দিনেও দলকে শেষরক্ষা করতে পারেননি এই সার্বিয়ান।