ইত্তেফাক রিপোর্ট
স্বর্ণ ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম। গ্রেফতারকৃতরা হলো—রফিকুল ইসলাম রাফি, সৈয়দ হাসান আলী, ইকবাল কবির ও নিক্সন মিয়া। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে প্রতারণায় ব্যবহূত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গ্রেফতারকৃতরা প্রতারক চক্রের সদস্য। তারা নিজেদেরকে স্বর্ণ ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা গত ১৭ ডিসেম্বর খিলক্ষেত থানা এলাকার লা মেরিডিয়ান হোটেলের লবি থেকে এক ব্যক্তিকে স্বর্ণ দেওয়ার নাম করে দুইটি পে-অর্ডারে ১ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাত্ করে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে খিলক্ষেত থানায় এ সংক্রান্তে একটি মামলা রুজু হয়। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
