ইত্তেফাক রিপোর্ট
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংসদকে জানিয়েছেন, চাহিদার বিপরীতে গুলশান-বারিধারায় জমি না থাকায় পূর্বাচলে কূটনৈতিক জোন করার প্রয়োজন হতে পারে। বৃহস্পতিবার সংসদ টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে জামালপুর-৫ আসনের এমপি মোজাফফর হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বারিধারা কূটনৈতিক এলাকায় অফিস স্থানান্তরের জন্য কয়েকটি দূতাবাস/হাইকমিশন কর্তৃক জমির চাহিদা রয়েছে। তবে জমির অপ্রতুলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউকসহ অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১০টি বিদেশি দূতাবাস কর্তৃক প্লটের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। বিশেষত ব্রাজিল, শ্রীলঙ্কা, ওমান, কুয়েত, মিয়ানমার ও আফগানিস্তান তাদের দূতাবাস স্থাপনের সূচনালগ্ন থেকেই এ বিষয়ে অনুরোধ জানিয়ে আসছে। এছাড়া ঢাকায় অবস্থিত ৫০টি কূটনৈতিক মিশনের মধ্যে যারা বরাদ্দপ্রাপ্ত অথবা নিজস্ব ক্রয়কৃত জমি ব্যবহার করছে না, তারাও আগ্রহ প্রকাশ করতে পারে মর্মে ইতিমধ্যেই ইঙ্গিত পাওয়া গেছে।
