শীর্ষ ১২ ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে দল পাঠানোর সৌজন্য রক্ষা করেছে ওয়েস্ট ইন্ডিজ। অপেক্ষাকৃত দুর্বল ক্যারিবিয়ান দলটা যেন পরপর দুই ম্যাচেই মাঠের ক্রিকেটে উপস্থিত থাকার আনুষ্ঠানিকতাও সম্পন্ন করল। বলার মতো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি সফরকারীরা।
প্রথম ম্যাচে ৬ উইকেটের পর গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরেছে উইন্ডিজরা। টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। চট্টগ্রামে আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
ওয়ানডেতে ২৬তম সিরিজ জিতেছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টানা তৃতীয় সিরিজ জয়ও আসলো গতকাল। জিম্বাবুয়ের বিরুদ্ধেই সর্বোচ্চ টানা ছয়টি সিরিজ জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। গতকালসহ টানা সাত ম্যাচে উইন্ডিজদের হারাল টাইগাররা। ২০২৩ বিশ্বকাপের কোয়ালিফিকেশন টুর্নামেন্ট ওডিআই সুপার লিগে টানা ২ জয়ে ২০ পয়েন্ট পেল তামিম বাহিনী।
গতকাল টস জিতে ব্যাট করতে নেমে সাকিব-মিরাজের ঘূর্ণি তোপে ৪৩.৪ ওভারে ১৪৮ রানে অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। রোভম্যান পাওয়েল সর্বোচ্চ ৪১, এনক্রুমা বনার ২০, ওটলে ২৪, জেসন মোহাম্মেদ ১১, আলজারি জোসেফ ১৭, আকিল হোসেন অপরাজিত ১২ রান করেন। ক্যারিয়ার সেরা ২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। সাকিব, মুস্তাফিজ ২টি করে, হাসান মাহমুদ ১টি উইকেট পান।
অধিনায়ক তামিমের হাফ সেঞ্চুরিতে রান তাড়া করার মিশনে বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ৩৩.২ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান তুলে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। তামিম ৫০, সাকিব অপরাজিত ৪৩, লিটন ২২, শান্ত ১৭ ও মুশফিক অপরাজিত ৯ রান করেন। উইন্ডিজদের পক্ষে আকিল হোসেন, জেসন মোহাম্মেদ, রেইমন রেইফার ১টি করে উইকেট পান।
প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করায় জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ গত বুধবার ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে ছয় উইকেটে পরাজিত করার পর গতকাল দ্বিতীয় ওয়ানডেতে সাত উইকেটে পরাজিত করেছে।
অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করায় সব খেলোয়াড়, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
জেপির অভিনন্দন
এদিকে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ওডিআই সিরিজ জয়ে ‘বাংলাদেশ দল’ ও সকল খেলোয়াড়, কোচ এবং অন্য কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে জেপির নেতৃদ্বয় বলেন, দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে এই সিরিজ জয় আমাদের দলকে ভবিষ্যতে আরো জয়লাভের অনুপ্রেরণা জোগাবে।
