যশোরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ইউএস ডলারসহ চার যুবককে আটক করেছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন—যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সলেমান মণ্ডলের ছেলে মিঠু মণ্ডল, ছোটআঁচড়া গ্রামের জাকির হোসেনের ছেলে শহিদুল ইসলাম, যশোর সদর উপজেলার ললিতাদহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোহেল রানা ওরফে হযরত ও নওদাগ্রাম এলাকার তোরাব আলীর ছেলে রাকিবুল ইসলাম সাগর।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বেনাপোল থেকে চার যুবক ডলার নিয়ে একটি বাসযোগে যশোর-নড়াইল সড়কের হামিদপুরে এসেছে। তারা সেখানে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছে। বিজিবির একটি টিম অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাদের আটক এবং তাদের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করা হয়। প্রতি বান্ডিলে ১০ হাজার ইউএস ডলার করে মোট ১ লাখ ৯০ হাজার ইউএস ডলার ছিল, বাংলাদেশি টাকায় যার মূল্যমান ১ কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকা। আটককৃতরা জানিয়েছে তারা হুন্ডি ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। ঐ চোরাচালানের অর্থই তারা বহন করছিল। আটককৃতদের নামে মামলা দিয়ে তাদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
