নেপালে প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে বিক্ষোভে সাবেক তিন প্রধানমন্ত্রী

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২২:৩১

নেপালে পার্লামেন্ট ভেঙে দেওয়া এবং আগাম নির্বাচনের প্রতিবাদে বড় ধরনের বিক্ষোভ হয়েছে গতকাল। রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত বিক্ষোভে নেতৃত্ব দেন সাবেক তিন প্রধানমন্ত্রী। তারা প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। খবর আলজাজিরা ও নেপালি টাইমসের

সরকারের মেয়াদ পূর্তির দুই বছর আগে নির্বাচন দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী ওলির সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কয়েক ডজন চ্যালেঞ্জ হয়েছে, যার শুনানি চলছে। সম্প্রতি প্রধানমন্ত্রী ওলিও তার সমর্থকদের নিয়ে তার সিদ্ধান্তের পক্ষে মিছিলে অংশ নিচ্ছেন। তার দাবি, দলের মধ্যে মতবিরোধ তৈরি হওয়ায় সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। তাই পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন দিতে বাধ্য হয়েছি। গতকাল বিক্ষোভে সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল বলেন, আমরা প্রধানমন্ত্রী ওলির ভুল সিদ্ধান্ত সংশোধনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখব। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী প্রচণ্ড এবং ঝাল নাথ খানালও বিক্ষোভে অংশ নেন। তারা সবাই ওলির দলের হলেও পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের বিরোধিতা করছেন। সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে ২৫ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। এছাড়া দেশের অন্য স্থানেও সমাবেশ হয়।