গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা, পুলিশ ও শিক্ষার্থীসহ ১৪ জন নিহত হয়েছেন। বরিশালের উজিরপুর থেকে চিকিত্সার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আসার পথে লাশ হয়ে ফিরলেন দুই জন। দিনাজপুরের ফুলবাড়ীতে মারা গেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এক কর্মকর্তা ও এক শিক্ষার্থী। খবর আমাদের অফিস ও সংবাদদাতাদের।
টাঙ্গাইল :ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া হাট বাইপাস এলাকায় গতকাল দুপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত ও এক জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত পিকআপচালককে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর (মাদারীপুর) :শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের কুতুবপুরে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন পাঁচ জন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে পরে সেখান থেকে তাদেরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশালের উজিরপুর থেকে চিকিত্সার জন্য শুক্রবার ঢাকা যাচ্ছিল খাদিজা বেগমের পরিবার। ঘটনাস্থলেই বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব বামুড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী খাদিজা বেগম (৫০) এবং জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান (১৭) মারা যায়।
ফুলবাড়ী (দিনাজপুর) :ফুলবাড়ীতে বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা প্রিতম গুপ্ত (২৫) ও খালাতো ভাই শুভজিত্ গুপ্ত সুপ্রিয় (১৮) নিহত হয়েছে। এ ঘটনায় আহত অনিক রায় পৃথিবী (১৮) গুরুতর আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। নিহত প্রিতম গুপ্ত ফুলবাড়ী পৌরবাজারের সাবেক কাপড় ব্যবসায়ী নির্মল গুপ্তের ছেলে ও কুড়িগ্রামের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা ও শুভজিত্ গুপ্ত পৌর এলাকার কাটাবাড়ী কাটিহারধর এলাকার ধানচাল ব্যবসায়ী অশোক গুপ্তের ছেলে এবং নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
সুজানগর (পাবনা) :পাবনা-সুজানগর সড়কে গতকাল সকালে সিএনজিচালিত অটোরিকশা ও কয়লাভর্তি ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারের পাশে ঐ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সুজানগরের ভবানীপুর গ্রামের মৃত-মুনা কুন্ডুর ছেলে ঝন্টু কুন্ডু (৬০) এবং মানিকদীর গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আরিফা খাতুন (৩৫)। আহতরা হলেন—আরিফা খাতুনের স্বামী উক্ত আব্দুল বারেক এবং সুজানগর হাসপাতালপাড়ার আব্দুল কাদের মাস্টার ও তার স্ত্রী রওশন আরা রেনু মাস্টার।
খুলনা :গতকাল বিকালে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা এ গফুর মেমোরিয়াল হাসপাতালের সামনে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রলীগ নেতা ইব্রাহিম মোড়ল (২২) নিহত হয়েছেন। ইব্রাহিম মোড়ল ফুলতলা উপজেলার বরণপাড়া গ্রামের উসমান মোড়লের ছেলে ও দামোদর ইউনিয়ন ছাত্রলীগের নেতা।
গতকাল সকালে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালী ব্রিজের পাশে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। জাহিদ হোসেন ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের রানাই গ্রামের জাকির খানের ছেলে। এ ঘটনার মাত্র দুই ঘণ্টা পর একই সড়কের চাকুন্দিয়া নামক স্থানে খুলনাগামী আরেকটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ১০-১২ যাত্রী আহত হয়।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :গাছের সঙ্গে মাটি বহনকারী ট্রলির ধাক্কা লেগে ট্রলিচালক শিবগঞ্জ উপজেলার বড় দাদপুর সবলডাঙ্গা গ্রামের সানাউল ওসমান (৪৫) নিহত হয়েছেন। গতকাল বিকালে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামে তার ভাইরা মানিকের বাড়ি বেড়াতে এসে শখ করে ট্রলি চালাতে গিয়ে এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর (গাজীপুর) :গতকাল দুপুরে কালিয়াকৈরে উপজেলার বাঁশতলী এলাকায় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার সিনাবহ খন্দকারপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
রায়পুর (লক্ষ্মীপুর) :বাড়ি থেকে দোকানে গিয়ে রুটি কেনার জন্য সড়ক পার হচ্ছিল। কিন্তু তা আর হলো না। গতকাল রায়পুর উপজেলায় বেঙ্গল সু কারখানার সামনে আঞ্চলিক মহাসড়কটি পার হতেই বেপরোয়া গতিতে আসা কাভার্ড ভ্যান চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় শিশু সালমান (৮)। সালমান রাখালিয়া গ্রামের দিনমজুর হেলাল হোসেনের একমাত্র সন্তান ও স্থানীয় মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
ঝিনাইদহ থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, গতকাল সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঘোষপাড়ায় ট্রাকচাপায় রিপ্তি বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো এক জন। এ ঘটনার প্রতিবাদে ও দুর্ঘটনাস্থলে গতিরোধক দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী। নিহত রিপ্তি বেগম সদর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের তাহিজুল ছিদ্দিক আলীর মেয়ে।
গৌরনদীতে প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষ বিচারকসহ আহত ৬
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, গৌরনদীতে প্রাইভেটকার ও পিকআপের মধ্যে সংঘর্ষে বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারকসহ ছয় জন আহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার বিকালে উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এইচ এম মাহ্মুদুর রহমান, তার স্ত্রী ঝর্না সুলতানা, আত্মীয় হাসনা ইকবাল, ইসরাত হোসেন পুন্নী, পিকআপচালক মো. রনি, ভ্যানচালক মো. লিটন।
