গাজীপুর মহানগরীর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় নাগরিক এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত রিজ উদ্দিন (১৭) ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার আব্দুর গফুর মোল্লার ছেলে বলে জানা গেছে।
জানা যায়, ঐ শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল উদ্দিন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রিজ উদ্দিনকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর শিশু উন্নয়ন কেন্দ্রের ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সাংবাদিকসহ কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি কর্তৃপক্ষের কেউ সাংবাদিকদের ফোন রিসিভ না করায় তাদের বক্তব্যও জানা যায়নি। ওসি আমিনুল ইসলাম জানান, শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা বলেছেন, শিশুনিবাসের একটি টয়লেটে লুঙ্গি ও গামছা দিয়ে ফাঁসিতে ঝুলে রিজ উদ্দিন আত্মহত্যা করেছে। তবে প্রকৃত ঘটনা ময়নাতদন্তের পর জানা যাবে।
