সব ব্যাংকের পরিচালক ও এমডির সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২২:৩৫

ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও তার নিচের দুই স্তরের কর্মকর্তাদের নিজের এবং পারিবারিক ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতার বিবরণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতি পঞ্জিকা বছর শেষে পরবর্তী বছরের ২০ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে এসব তথ্য দাখিল করতে বলা হয়েছে। সেই সঙ্গে এ তথ্য সংশ্লিষ্ট ব্যাংককে সংরক্ষণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে কার্যরত সকল তপশিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ/ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো ঐ সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ১৮ ধারার উপধারা (২) এ বর্ণিত বিধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। ব্যাংক কোম্পানি আইনের উক্ত বিধান পরিপালনের লক্ষ্যে প্রত্যেক ব্যাংক-কোম্পানির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা ও তার নিম্নতর দুই স্তর পর্যন্ত কর্মকর্তাগণকে স্ব স্ব বাণিজ্যিক, আর্থিক, কৃষি, শিল্প এবং অন্যান্য ব্যবসার নাম, ঠিকানা ও অন্যান্য বিবরণ এবং পারিবারিক ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতার বিবরণ প্রতি পঞ্জিকা বছর শেষে পরবর্তী বছরের ২০ জানুয়ারি তারিখের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে দাখিল করতে হবে। তবে, ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত বছরের জন্য এতদসংক্রান্ত বিবরণীসমূহ ২৮ ফেব্রুয়ারি, ২০২১ তারিখের মধ্যে ব্যাংকে দাখিল করা যাবে। দাখিলকৃত বিবরণীসমূহ তত্পরবর্তী পর্ষদ সভায় উপস্থাপন করতে হবে এবং ব্যাংক-কোম্পানি কর্তৃক উক্ত বিবরণীসমূহ যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি উচ্চ আদালত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের তথ্য চেয়েছে। বৃহস্পতিবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান দেখভাল ও অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তার তালিকা ও পূর্ণাঙ্গ পরিচয় দাখিলের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিয়েছেন আদালত। অর্থ পাচারে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশ ছিল কি না, তা খতিয়ে দেখার জন্যই এ তথ্য চাওয়া হয়েছে।