রূপগঞ্জে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় আগুনে দগ্ধ হয়ে বাবা-মাসহ দুই ছেলে মারা গেছেন। এরা হলেন মাসুম মিয়া (৩২) ও তার স্ত্রী সিমা আক্তার। তাদের প্রতিবন্ধী দুই ছেলে রাসেল মিয়া (১২) ও রহমতউল্লাহ (৯)। উপজেলার পূর্বাচল উপশহরের ১১ নং সেক্টরের কুমারটেক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের টিনের উপর পড়ে আগুন লাগলে এ দুর্ঘটনা ঘটে।
পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, ‘ডেসকোর অতিমাত্রার ভোল্টেজের তার ছিঁড়ে পল্লী বিদ্যুতের তারের উপর পড়ে। সঙ্গে সঙ্গে স্পার্ক করে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে মাসুম মিয়ার টিনের ঘরের চালে পড়ে। মুহূর্তেই টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে অগ্নিকা্ল হয়। এ সময় ঘরে থাকা মাসুম মিয়া ও তার দুই ছেলে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মাসুম মিয়ার স্ত্রী সিমা আক্তার দগ্ধ হয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। মাসুমদের বাড়ি পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের কাছে হওয়ায় মুহূর্তের মধ্যেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।’
সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, দুর্ঘটনা না নাশকতা তা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনায় নিহতের পরিবারকে বিদ্যুত্ বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত।
