শনিবার ভারতের পাকিস্তান সীমান্তের কাঠুয়া জেলায় এক সুড়ঙ্গের খোঁজ পেলো বিএসএফ জওয়ানরা। গত ১০ দিনের মধ্যে একই এলাকায় পরপর দুটি সুড়ঙ্গের খোঁজ মিলল। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে কাঠুয়া জেলার সীমান্তে।
সীমান্ত পেরিয়ে কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের জঙ্গীরা। ভারতীয় বাহিনীর কড়া নজর এড়িয়ে এ দেশে প্রবেশ কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। ফলে মাটির তলায় সুড়ঙ্গপথেই ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে সন্ত্রাসবাদীরা।
ভারতীয় সংবাদ মাধ্যম ইউএনআই এর বরাতে জানা যায়, জম্মু-কাশ্মীরের হিরানগর সেক্টরে তল্লাশি অভিযান চালাচ্ছিল বাহিনীর জওয়ানরা। দিন কয়েক আগেওই ওই এলাকায় সুড়ঙ্গের খোঁজ মিলেছিল। আর তাই এই এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শনিবার এমনই এক তল্লাশি অভিযান চলাকালীন সুড়ঙ্গের সন্ধান পান বিএসএফ জওয়ানরা। পরিসংখ্যান বলছে, গত কয়েক মাস ধরেই সুড়ঙ্গ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাক জঙ্গিরা। এমনকী, এই পথে আগ্নেয়াস্ত্র পাচার করা হচ্ছে বলে ধারণা করছে অনেকেই।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলি, নিহত ৫
কাঠুয়া জেলার সুড়ঙ্গটি ১৫০ মিটার লম্বা। গভীরতা প্রায় ৩০ ফুট। চওড়ায় ৩ ফুট। পাকিস্তানের দিক থেকে সুড়ঙ্গটি খোঁড়া হয়েছে। ইতিপূর্বে জম্মুর সাম্বা সেক্টরে টহলদারির সময় সুড়ঙ্গের খোঁজ পান জওয়ানরা। পাকিস্তানের দিক থেকে সুড়ঙ্গটি ভারতের দিক পর্যন্ত খোঁড়া হয়েছিল। ভারতের প্রান্তে সুড়ঙ্গের মুখ বালির বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। যাতে সহজে কারওর সন্দেহ না হয়। তবে প্রতিটা বস্তায় পাকিস্তানের লোগো ‘মার্কিং’ করা রয়েছে।
ইত্তেফাক/এএইচপি
