এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৯:১৫

        ‘আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই।’

বাংলা প্রথমপত্র

মোস্তাফিজুর রহমান লিটন

সিনিয়র শিক্ষক, বাংলা

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

শিক্ষা ও মনুষ্যত্ব

 

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :                                                                      

 

“আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই। এমনকি, এক্ষেত্রে দাতাকর্ণেরও অভাব নেই; এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে, সেখানে থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে।”

ঘ. উদ্দীপকে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের প্রাবন্ধিকের উদ্দেশ্য বাস্তবায়িত হয়েছে কি? উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও।                           ৪

ঘ. না, উদ্দীপকে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের প্রাবন্ধিকের উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে বলা হয়েছে, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মনুষ্যত্বের বিকাশ সাধন করা। অন্নচিন্তা কিংবা অর্থচিন্তা নয়। অর্থ-সাধনাই জীবনের মূল সাধনা হতে পারে না। শিক্ষা দিয়ে চিন্তা, বুদ্ধি ও আত্মপ্রকাশের স্বাধীনতার মাধ্যমে মুক্তি অর্জনই হলো জীবনের মূল সাধনা। আর এ সাধনার মধ্য দিয়েই মানুষের জীবন সুন্দর, উপভোগ্য হয়ে উঠবে। এর ব্যতিক্রম হলে শিক্ষার উদ্দেশ্য ব্যর্থ হবে। উদ্দীপকে শিক্ষার আসল উদ্দেশ্যের ব্যত্যয় ঘটেছে। কেননা ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের প্রাবন্ধিক বলেছেন, শিক্ষার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্বলোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। কিন্তু উদ্দীপকে শিক্ষাকে অর্থ উপার্জনের মাধ্যমরূপে গণ্য করা হয়েছে। মূলত প্রকৃত শিক্ষা মানুষকে স্বশিক্ষিত করে তোলে।

স্বশিক্ষিত ব্যক্তি মনুষ্যত্বের বিকাশ ঘটার সাথে সাথে সমাজের কল্যাণকর চিন্তায় মনোনিবেশ করেন। অন্নচিন্তা ও অর্থচিন্তা এর আওতাভুক্ত নয়। অথচ আজকের দিনের বিদ্যাদাতারা অর্থের লোভে জ্ঞান দান করেন। অন্যদিকে অভিভাবকেরাও ভাবেন, এর ফলে তাদের সন্তানেরা বাকি জীবন সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবে। অথচ প্রাবন্ধিক শিক্ষার আসল উদ্দেশ্য মনুষ্যত্বের বিকাশ সাধনের কথা তুলে ধরেছেন যা উদ্দীপকে অনুপস্থিত। সুতরাং পরিশেষে বলা যায় যে, ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের লেখকের যে উদ্দেশ্য তা উদ্দীপকে বাস্তবায়িত হয়নি।