নতুন তিন কৃষি আইন প্রত্যাহারের দাবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হিরাবেন মোদির কাছে সাহায্য চেয়ে খোলা চিঠি লিখেছেন পাঞ্জাবের কৃষক হারপ্রীত সিং। ভারতে চলমান কৃষক আন্দোলনে যোগ দেওয়া হারপ্রীত গত বুধবার শিমলা থেকে গ্রেফতার হন। যদিও এক দিন পর তাকে ছেড়ে দেওয়া হয়।
মুক্তি পাওয়ার পর তিনি সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী মোদির মায়ের কাছে একটি খোলা চিঠি লেখার সিদ্ধান্ত নেন। শুক্রবার টাইমস অব ইন্ডিয়াকে হারপ্রীত বলেন, কৃষি সংস্কারের নামে গত বছর সেপ্টেম্বরে মোদি সরকার তিনটি কৃষি আইন পাশ করেছে। ‘আমি প্রধানমন্ত্রীর মাকে চিঠি লিখে অনুরোধ করেছি যেন তিনি নিজের ছেলেকে ঐ তিনটি আইন বাতিল করতে বলেন। কেউ তার মায়ের অনুরোধ ফেলতে পারেন না।’ হারপ্রীত তার চিঠিতে লেখেন, ‘প্রিয় মা, আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনার ছেলে। আমার মনে হয় তিনি আপনার কথা ফেলতে পারবেন না। দয়া করে হাজার হাজার কৃষককে সাহায্য করুন, যারা কৃষকবিরোধী আইন বাতিলের দাবিতে তীব্র ঠান্ডার মধ্যে দিল্লি সীমান্তে অবস্থান নিয়েছেন।’ থানা থেকে ছাড়া পাওয়ার পর বৃহস্পতিবার রাতে নিজ জেলা ফিরোজপুরে ফিরে যান হারপ্রীত। তিনি জানান, শিগিগরই তিনি ঐ চিঠি পোস্ট করবেন।
নতুন তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত বছর শেষ দিক থেকে ভারতীয় কৃষকরা টানা আন্দোলন করে যাচ্ছে। পাঞ্জাব থেকে শুরু হওয়া ঐ আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। কৃষকরা রাজধানী দিল্লিতে প্রবেশ করতে চাইছে। কিন্তু দিল্লি সীমান্তেই তাদের আটকে দেওয়া হয়েছে। শীত মৌসুমে প্রচণ্ড ঠান্ডার মধ্যেই কৃষকরা রাস্তায় অবস্থান নিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
