জম্মু-কাশ্মীর আন্তর্জাতিক সীমান্তের কাঠুয়া জেলায় শনিবার আরো একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পাকিস্তান, কাশ্মীর এবং পাঞ্জাব থেকে জঙ্গিরা অনুপ্রবেশের উদ্দেশে এটি খোঁড়া হয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ১০ দিন আগে একই ধরনের আরেকটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছিল ভারতীয় বাহিনী। ১৫০ মিটার লম্বা এই সুড়ঙ্গটি গতকাল ভোরে পানসার এলাকার ১৪ এবং ১৫ নম্বর সীমান্ত চৌকির মধ্যবর্তী স্থানে শনাক্ত করা হয়। প্রায় ৩০ মিটার গভীর ঐ সুড়ঙ্গের ওপারে পাক-পাঞ্জাব প্রদেশের সকড়গড় জেলা। সেখানে অভিয়াল ডোগরা এবং কিঙ্গরে-দে-কোঠে এলাকায় পাক রেঞ্জার্স বাহিনীর দুটি শিবির রয়েছে বলে দাবি বিএসএফের।
ভারতের অভিযোগ, জঙ্গি অনুপ্রবেশের ‘লঞ্চিং প্যাড’ হিসেবে ডোগরা এবং কিঙ্গরে-দে-কোঠে ব্যবহূত হয়। ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, ঐ এলাকায় পাক-জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের কমান্ডার কাশিম জান দীর্ঘদিন ধরেই একটি প্রশিক্ষণ শিবির চালাচ্ছেন।—টাইমস অব ইন্ডিয়া
