স্পোর্টস রিপোর্টার
কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গিয়ে কুমিল্লার দর্শকদের জন্য সুখবর দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। কমিল্লায় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হতে পারে এমন কথা জানিয়েছেন তিনি। গতকাল কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে দেখতে গিয়েছিলেন কাজী সালাহউদ্দিন। সেখানে প্রিমিয়ার লিগে বসুন্ধরা-ব্রাদার্সের ম্যাচ দেখেছেন তিনি। বাফুফে সভাপতিকে পেয়ে স্থানীয় সংগঠকরাও দারুণ খুশি। তাকে উষ্ণ সংবর্ধনা দিয়েছেন। খেলা দেখেছেন বাফুফে সভাপতি। মাঠ ঘুরে দেখেছেন। সবার সঙ্গে পরিচিত হয়েছেন। স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখেছেন এবং কুমিল্লা জেলার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
ঢাকা থেকে সংবাদমাধ্যম বাফুফে সভাপতির পিছু নিয়েছিল। সংবাদমাধ্যম কাজী সালাহউদ্দিনকে কুমিল্লার ফুটবলের বিষয় নিয়ে প্রশ্ন করেন। সাংবাদিক সম্মেলনে কাজী সালাহউদ্দিন জানিয়েছেন, কুমিল্লায় ভবিষ্যতে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ ভেন্যু হতে পারে। একাধিক ম্যাচ আয়োজন করা যেতে পারে। স্থানীয় সংগঠকদের কাজ দেখে, আগ্রহ দেখে খুশি হয়েছেন বাফুফে সভাপতি।
সালাহউদ্দিন বলেন, ‘একাধিক ম্যাচ আয়োজন করা যেতে পারে এখানে’ বাফুফে সভাপতি মূলত আন্তর্জাতিক প্রীতি ম্যাচের কথাই বলতে চেয়েছেন। এই অঞ্চলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলে ফুটবলেও ব্যাপক সাড়া পড়বে। সালাহউদ্দিনের কথায় স্পষ্ট তিনি কুমিল্লার ফুটবলের জন্য কাজ করতে চান। এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘দাবি-দাওয়া সবাই করতে পারে। প্রথম হচ্ছে চেয়ারে বসে দাবি করা আরেকটি হচ্ছে কাজ করে দাবি করা। কাজ করে দাবি করলে বাফুফে পাশে থাকবে। আমি শুধু কুমিল্লার জন্য বলছি না। সব জেলার ফুটবলকেই বলছি। কুমিল্লা যদি উন্নয়ন প্রকল্প পাঠায় সেটা অবশ্যই বিবেচনা করা হবে।’ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল নিয়ে প্রশ্ন উঠলে সালাহউদ্দিন বলেন, ‘করোনার ভাইরাসের কারণে অনেক দেশ আসতে চাইছে না। তারা বলছে, আরেকটু অপেক্ষা করুন। ভ্যাকসিন আসছে। তাছাড়া মার্চে বিশ্বকাপ বাছাইয়ের খেলা রয়েছে।’
