মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় চাচা-ভাতিজা!

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:০৫

নেত্রকোনা পৌরসভা নির্বাচন

নেত্রকোনা প্রতিনিধি

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নেত্রকোনা পৌরসভার নির্বাচনে মেয়রসহ কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মনোনয়ন দাখিল করার পর থেকে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সিনিয়র আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান প্রচারণায় ব্যস্ত রয়েছেন। অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খানও প্রচারণা চালাচ্ছেন। তবে মেয়র পদের এই দুই প্রার্থী সম্পর্কে চাচা-ভাতিজা। অর্থাত্ বিএনপি প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের ভাতিজা হচ্ছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম খান।

নেত্রকোনা পৌরসভার বর্তমান মেয়র নজরুল ইসলাম খান মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর সাবেক গণপরিষদ সদস্য ও নেত্রকোনা পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আব্বাছ আলী খানের ছেলে। তিনি এবার জয়লাভ করতে পারলে নেত্রকোনা পৌরসভার তৃতীয়বার মেয়র হবেন। অন্য মেয়র প্রার্থী বিএনপির আব্দুল্লাহ আল মামুন খান হচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও দুইবারের এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দীন খানের ছেলে।

প্রচারণায় সরগরম

স্বরূপকাঠি পৌরসভা

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা জানান, আগামী ৩০ জানুয়ারি স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রার্থীদের গণসংযোগ, প্রচার-প্রচারণায় পুরো এলাকা সরগরম। প্রার্থীদের ছবি ও প্রতীকসংবলিত পোস্টারে ছেয়ে গেছে পৌর শহরের অলিগলিসহ হাটবাজার। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো. গোলাম কবির, বিএনপি প্রার্থী সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, বিএনপি নেতা মো. আবুল কালাম আজাদ (স্বতন্ত্র), মো. মাহমুদুর রহমান (স্বতন্ত্র), পৌর যুবলীগ সভাপতি শিশির কর্মকার (স্বতন্ত্র) ও জাতীয় পার্টির প্রার্থী মো. নুরুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম মন্টু মারা যাওয়ায় ঐ ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

বিভিন্ন প্রতিশ্রুতিসহ প্রচারণা

চালাচ্ছেন প্রার্থীরা

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা জানান, চৌমুহনী পৌরসভার নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রতিশ্রুতিসহ প্রচারণায় প্রার্থীরা ততই ব্যস্ত সময় পার করছেন। মেয়র প্রার্থীদের সঙ্গে সঙ্গে কাউন্সিলর প্রার্থীরাও প্রচারণায় অংশ নিচ্ছেন। চৌমুহনী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। নির্বাচনে চার জন মেয়র প্রার্থীসহ মোট প্রার্থী ৫৩ জন। মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান মেয়র আকতার হোসেন ফয়সল, বিএনপি প্রার্থী জহির উদ্দিন হারুন, স্বতন্ত্র খালেদ সাইফুল্যা এবং ইসলামী আন্দোলনের জাকের হোসেন।

জলঢাকা পৌরসভা জুড়ে

উত্সবের আমেজ

জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা জানান, জলঢাকা পৌরসভা জুড়ে এখন নির্বাচনি উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে। সেই সঙ্গে উত্কণ্ঠাও রয়েছে সাধারণ ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে সভা-সমাবেশ, শুভেচ্ছা বিনিময় আর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা। জলঢাকা পৌরসভা নির্বাচনে ছয় জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ জন নারী সদস্য। মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন উপজেলা আইন বিষয়ক সম্পাদক মো. মোহসীন, বিএনপির বর্তমান মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী, জাতীয় পার্টির আফরোজা পারভীন, স্বতন্ত্র প্রার্থী সাবিনা ইয়াছমিন, স্বতন্ত্র সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু এবং স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান জিয়া। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে জলঢাকা পৌরসভা নির্বাচন।