মুলাদীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:০৮

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

মুলাদীতে জয়ন্তী ও আড়িয়ালখাঁ (ছৈলা) নদী থেকে অবাধে চলছে বালু উত্তোলন। প্রভাবশালীরা এ দুই নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় অব্যাহত নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সহস্রাধিক পরিবার। বালু উত্তোলনের পাশাপাশি ফসলি জমির পলিমাটি (টপ সয়েল) পাচার হচ্ছে ইটভাটায়। ফসলি জমির পলিমাটি ইট বানানোর কাজে নিয়ে যাওয়ায় মাটির উর্বরতা বিনষ্ট হচ্ছে।

জয়ন্তী ও আড়িয়ালখাঁ নদে ড্রেজার বসিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় শুষ্ক মৌসুমেও উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙ্গা নতুন হাট, নমরহাট, পশ্চিম তেরচর, পশ্চিম চরকালেখান, নন্দীরবাজার, নবাবের হাট লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের মুখে রয়েছে চরলক্ষ্মীপুর ফাজিল মাদরাসা, চরকালেখান ইউনিয়ন পরিষদ ভবন, তেরচর ভাঙ্গারমোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজার। চরকালেখান ইউপি চেয়ারম্যান হাজি মো. মোহসীন উদ্দীন খান জানান, নদী থেকে বালু উত্তোলনের ফলে কতিপয় বালু ব্যবসায়ী লাভবান হচ্ছে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ গ্রহণের প্রয়োজন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস জানান, দু-একদিনের মধ্যে নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।