মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
মিঠাপুকুরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার ঐ প্রতারককে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে পুলিশ। ডিবি পুলিশ পরিচয়ে আটক ঐ ব্যক্তির নাম মো. লিটন মিয়া (৪০)। তিনি উপজেলার বালারহাটের মৃত ওয়াহেদ আলীর ছেলে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে গেছে। ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম পাইকাড় দিলীপ বলেন, লিটন মিয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় ডিবি ও সিআইডি পুলিশ পরিচয়ে মানুষের কাছে চাঁদা দাবি করত। মূলত তারা প্রতারক। তাদের খপ্পরে পড়ে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন। মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, ডিবি পুুলিশ পরিচয়দানকারী একজন প্রতারককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।
