আইপিওর শেয়ার আনুপাতিক হারে বরাদ্দ দিতে নির্দেশ দিল বিএসইসি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:১৪

ইত্তেফাক রিপোর্ট

সব আবেদনকারী বিনিয়োগকারীদের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার আনুপাতিক হারে বরাদ্দ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)। দেশের দুই স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশকে (সিডিবিএল) নির্দেশনা দিয়ে আগামী ১ এপ্রিল থেকে তা কার্যকর করতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশনায় নতুন নিয়ম চালু করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং সিডিবিএলকে ৩১ মার্চের মধ্যে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমটি (ইএসএস) প্রস্তুত রাখার কথাও বলা হয়েছে।

এর আগে বিএসইসি গত ৩১ ডিসেম্বর কমিশন সভায় আইপিওতে আসা কোম্পানির শেয়ারের আনুপাতিক হারে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তের বিষয়ে বলা হয়েছে, আইপিওতে আবেদন করা সবাই আনুপাতিক হারে শেয়ার পাবে। তবে আবেদনের জন্য সাধারণ বিনিয়োগকারীদেরকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। এছাড়া আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদেরকে কমপক্ষে ১০ হাজার টাকার বা উহার গুণিতক আবেদন করতে হবে বলে জানানো হয়।

কমিশনের এসব সিদ্ধান্ত আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলেও ঐদিন জানানো হয়। কিন্তু ইএসএস প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় দ্রুত সময়ে তা বাস্তবায়ন করা ঝুঁকিপূর্ণ বলে ১০ জানুয়ারির সভায় আলোচনা করে কমিটি। নতুন পদ্ধতি দ্রুত সময়ে বাস্তবায়ন করতে গেলে কারিগরি জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা করছে কমিটি।