ইত্তেফাক ডেস্ক
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সাভার, মুন্সীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, শ্রীপুর, ঘিওর, সোনারগাঁও ও রূপগঞ্জে ১ হাজার ৮৬০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার গণভবন থেকে বেলা ১১টায় একযোগে ভিডিও কনফারেন্সিং করে সারা দেশের ৪৯২টি উপজেলায় ৬৬ হাজার ১৮৯টি পরিবারের মধ্যে জমির দলিল ও অন্যান্য কাগজপত্র হস্তান্তর উদ্বোধন করেন। খবর আমাদের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের।
সাভার :সাভারে গতকাল গৃহ ও ভূমিহীন ৪১টি পরিবারকে জমিসহ বাড়ির দলিল হস্তান্তর করা হয়েছে।
মুন্সীগঞ্জ :জেলার ছয় উপজেলার ৫০৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১০০টি, গজারিয়া উপজেলায় ১৫০টি, লৌহজং উপজেলায় ১৪৩টি, সিরাজদিখান উপজেলায় ২৫টি, টঙ্গীবাড়ি উপজেলায় ২০টি, শ্রীনগর উপজেলায় ৭০টি পরিবার জমির দলিল ও ঘর পেয়েছেন।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) :ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ১ হাজার ১১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। এর মধ্যে দোহার উপজেলায় ২৪১টি ও নবাবগঞ্জ উপজেলায় ৭৭০টি পরিবারের মধ্যে ঘর প্রদান করা হয়।
কেরানীগঞ্জ (ঢাকা) :ঢাকার কেরানীগঞ্জের বাক্তারচর এলাকায় পাঁচটি ভুমিহীন পরিবার পেল পাকা ঘর।
শ্রীপুর (গাজীপুর) :গাজীপুরের শ্রীপুরে ২০ ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেয়েছে।
ঘিওর (মানিকগঞ্জ) :ঘিওরে ২৫টি ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে পাকা ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমি ও গৃহহীন ১০০ পরিবারের মধ্যে গৃহের চাবি ও জমির কাগজ হস্তান্তর করা হয়েছে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ১৫০ ভূমি ও গৃহহীনের মধ্যে গতকাল ঘর ও জমির মালিকানার কাগজপত্র বিতরণ করা হয়েছে।
