সাটুরিয়ায় সবজি চাষে স্বাবলম্বী অনেক কৃষক

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:৩০

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের সাটুরিয়ায় দিগন্ত জুড়ে শীতের সবজির সমারোহ। সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন উপজেলার অনেক কৃষক। উপজেলার ৮০ ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি কাজের ওপর নির্ভরশীল। এই উপজেলার মানুষের প্রধান উত্পাদনকারী ফসল ছিল ধান, গম, পাট। গত কয়েক বছর এই ফসলের ন্যায্যমূল্য না পাওয়ায় ঐ সব ফসল থেকে অনেক কৃষক মুখ ফিরিয়ে নিয়েছেন। উপজেলায় বর্তমানে কৃষক বিকল্প ফসল হিসেবে বেছে নিয়েছেন সবজি চাষ। এরই মধ্যে উপজেলায় সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন অনেক কৃষক। আর শাকসবজি চাষাবাদের জন্য সাটুরিয়া পরিচিতি লাভ করেছে। এখানকার সবজি রাজধানী ঢাকার কাওরান বাজারসহ বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করা হয়। এখানে চাষ করা হয় নানা রকম শাকসবজি। এসব সবজি চাষ করে দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে অনেক পরিবার।