‘স্কলার তৈরি করাই হবে ঢাবির ঐতিহাসিক ভূমিকা’

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:৩১

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

এই মুহূর্তে স্কলার তৈরি করাই হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক ভূমিকা বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক মাহফুজ আনাম। তিনি বলেন, ষাট এবং সত্তরের দশকের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক ভূমিকা রেখেছিল। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবাই প্রতিচ্ছবি তৈরি করেছিল। এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ঐতিহাসিক। বিশ্ববিদ্যালয়টি এখন পণ্ডিত ও গবেষক তৈরি করার মতো আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশকে স্বাধীন করা যেমন একটি পবিত্র দায়িত্ব, তেমনি দেশের উন্নয়নে ভূমিকা রাখাও পবিত্র দায়িত্ব।

গত শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়ালি আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় সেশনে বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আব্দুল মমিন চৌধুরী সঞ্চালনায় তিনি এসব কথা বলেন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন :জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে অ্যালামনাইদের ভাবনা’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করেন।

সম্মেলনে অর্থনীতিবিদ সেলিম জাহান বলেন, ‘বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকের মধ্যে একটা যান্ত্রিকতা ঢুকে গেছে। বিশ্ববিদ্যালয় অঙ্গনে ছাত্র-শিক্ষকের যে সম্পর্ক তা শুধু শ্রেণি কক্ষের মধ্যে নয়, ৫০, ৬০ এবং ৭০’র দশকের ছাত্র-শিক্ষক সম্পর্ক জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদেরকে ঋদ্ধ করেছে। এখন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে?’

মুজিবশতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘বাংলাদেশের গবেষণার ক্ষেত্রগুলোতে অনেক সমস্যা আছে এবং ক্ষেত্রগুলোকে আমরা সম্প্রসারিত করতে পারিনি। সমস্যা থেকে উত্তরণের জন্য বিশ্বব্যাংকের হায়ার এডুকেশান কোয়ালিটি অ্যাস্যুরেন্স প্রজেক্টের মাধ্যমে বেশ কিছু রিসার্চ গ্রান্ট করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভৌতঅবকাঠামো ও অন্যান্য কাজগুলো করেছে। কিন্তু তারপরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় অপারেশনাল তা আমার কাছে মনে হয় না। ’