কারাগারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ——স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:৩১

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গাজীপুরের কাশিমপুর-১ কারাগারে যে ঘটনা ঘটেছে, তা জঘন্য অপরাধ। এর সঙ্গে যারা জড়িত, তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি কারাগারে হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ সময় কাটানোর ঘটনাকে জঘন্য বলে অভিহিত করেছেন। গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি জঘন্য কাজ। কারাগারে এসব নিষিদ্ধ। এর পেছনে যারা দায়ী, প্রাথমিকভাবে তাদের সবাইকে প্রত্যাহার করতে বলা হয়েছে। মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটিও করতে বলা হয়েছে। কমিটির দেওয়া প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, সব কারাগারের জন্য এটি সতর্কবার্তা। যারাই এর সঙ্গে জড়িত থাকবে, তারাই শাস্তির আওতায় আসবে।

সূত্র জানায়, হলমার্কের জিএম তুষার আহমেদের সাক্ষাত্ নিয়ে গঠিত কারাগারের তদন্ত কমিটির আজ রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। 

২১ জানুয়ারি অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটি কাশিমপুরে গিয়ে তদন্ত করেছে। অন্তরঙ্গ সময় কাটানোর আগে ও পরের দৃশ্য কারাগারের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজ উদ্ধার করে বিশ্লেষণ করছে তদন্ত কমিটি।