সহজ শর্তে শতভাগ চালকের বৈধ লাইসেন্স নিশ্চিত করার দাবি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:৩১

কাভার্ড ভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্য

পরিবহন মালিক অ্যাসোসিয়েশন

 

সহজ শর্তে শতভাগ চালকের বৈধ লাইসেন্স নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন। সম্প্রতি অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় এ দাবি জানানো হয়। রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মুকবুল আহমেদ। সভায় বক্তারা বলেন, বিআরটিএ  কর্তৃক সৃষ্ট নানা জটিলতার কারণে ড্রাইভিং লাইসেন্স পেতে চালকদের হয়রানির শিকার হতে হয়। ফলে এ সত্য যে, অনেকেই বৈধ লাইসেন্স না নিয়ে গাড়ি চালাতে বাধ্য হন। এ অবস্থায় সরকার চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় দিয়ে এবং সহজ শর্তে শতভাগ বৈধ লাইসেন্স নিশ্চিত করলে এ সমস্যার সমাধান হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন, বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ যানবাহন চলাচল করে সে তুলনায় লাইসেন্সধারী চালকের সংখ্যা দুই-তৃতীয়াংশ। সভায় বক্তব্য রাখেন মহাসচিব চৌধুরী জাফর আহমেদ, অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব,আলহাজ মো. মাছুম পাটওয়ারী প্রমুখ।  ২ জানুয়ারি আলহাজ মুকবুল হোসেনকে সভাপতি ও  চৌধুরী জাফর আহমেদকে মহাসচিব করে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের ১৪১ বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী (২০২১-২০২৩ ) কমিটি গঠিত হয়।

—প্রেস বিজ্ঞপ্তি