বরগুনায় কাউন্সিলর পদে ৭২ বছরের বৃদ্ধের সঙ্গে যুবকের লড়াই

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:৪৩

বরগুনা (উত্তর) প্রতিনিধি

আসন্ন বরগুনা পৌরসভা নির্বাচনে বৃদ্ধ আর যুবকের লড়াই জমে উঠেছে। তারা হলেন—৭২ বছরের সাবেক কাউন্সিলর মো. মোশারেফ হোসেন খান ও ২৫ বছরের যুবক মো. আকবর হোসেন প্রিন্স।

জানা গেছে, আসন্ন বরগুনা পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে পানির বোতল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭২ বছর বয়সি প্রার্থী মো. মোশারেফ হোসেন খান। আর তার সঙ্গে উটপাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ বছরের যুবক মো. আকবর হোসেন প্রিন্স।

এই ওয়ার্ডে কাউন্সিলর পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মো. মোশারেফ হোসেন খান ১৯৮৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বরগুনা পৌরসভায় পাঁচ বারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।

এবারের পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, দুই বারের নির্বাচিত কাউন্সিলর রইসুল আলম রিপন (পাঞ্জাবি), মো. জাফর ইকবাল (টেবিল ল্যাম্প) এবং মো. মনিরুজ্জামান মনির (ডালিম)।