চলে গেলেন কিংবদন্তী উপস্থাপক ল্যারি কিং

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:৫৭

বিশ্বখ্যাত, কিংবদন্তি উপস্থাপক ল্যারি কিং (৮৭) আর নেই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। ছেলে চান্স তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ল্যারি কিংয়ের ভ্যারিফাইড ফেসবুক পেজে তার প্রোডাকশন কোম্পানি ওরা মিডিয়ার প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সহপ্রতিষ্ঠাতা, উপস্থাপক এবং বন্ধু ল্যারি কিং লস অ্যাঞ্জেলেসের সেডারস-সিনাই মেডিক্যাল সেন্টারে মারা গেছেন। বিবৃতিতে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। তবে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় তিন সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ৪ জানুয়ারি আইসিইউ থেকে বের করা হলেও তিনি চিকিত্সাধীন ছিলেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, ৬৩ বছরের পেশাগত জীবনে রেডিও, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ৫০ হাজারের বেশি সাক্ষাত্কার নিয়েছেন ল্যারি কিং। সিএনএনে ‘ল্যারি কিং লাইভ’ শোতে তার কণ্ঠে মোহাবিষ্ট ছিল যুক্তরাষ্ট্রসহ বিশ্বের মানুষ। তার সঞ্চালনায় ‘ল্যারি কিং লাইভ’ টক শো ২৫ বছরেরও বেশি সময় ধরে সিএনএনে সম্প্রচারিত হয়েছে। এই সময়ে ছয় হাজারের বেশি পর্বে তিনি উপস্থাপনা করেন। সেলিব্রিটিদের নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে ল্যারি কিং নিজেই সেলিব্রিটি হয়ে ওঠেন। তার টক শোটি বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছিল।

ল্যারি কিং ১৯৩৩ সালে নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি কট্টর ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। ২২ বছর বয়সে মিয়ামি বিচে রেডিও ডিস্ক জকি হিসাবে কাজ শুরু করেন। ১৯৭০ এর দশকে বাণিজ্যিক নেটওয়ার্ক মিচুয়াল ব্রডকাস্টিং সিস্টেমে রেডিও অনুষ্ঠান ‘দ্য ল্যারি কিং শো’-এর মাধ্যমে কিং জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর ১৯৮৫ থেকে ২০১০ সাল পর্যন্ত সিএনএনে ‘ল্যারি কিং লাইভ’ টক শোর উপস্থাপনা করেন। এই সময়ে তিনি রাজনীতিক, ক্রীড়াবিদ, বিনোদন ব্যক্তিত্বসহ বহু অতিথির সাক্ষাত্কার নেন। ২০ বছরের বেশি সময় ধরে ইউএসএ টুডেতে কলামও লিখেছেন তিনি।

সাক্ষাত্কার গ্রহণের সময় তার পক্ষপাতহীন উপস্থাপনার জন্য তিনি বেশি জনপ্রিয় হন। সাক্ষাত্কারে মার্কিন প্রেসিডেন্ট, বিদেশি নেতা, সেলিব্রিটি, কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ব্যক্তি যেই হোন কেন তাকে ছোট, সরাসরি ও সরল প্রশ্ন করতে পছন্দ করতেন ল্যারি কিং। তিনি বিশ্বাস করতেন, ছোট প্রশ্নগুলোতেই ভালো উত্তর আসে। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পর ক্ষমতায় আসা সব মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির সাক্ষাত্কার নিয়েছেন কিং। তিনি দালাই লামা, মিখাইল গর্বাচেভ, বিল গেটস, ভ্লাদিমির পুতিন, মার্গারেট থ্যাচারের মতো ব্যক্তিদেরও সাক্ষাত্কার নিয়েছেন। ল্যারি কিং সাত জন পৃথক নারীকে আটবার বিয়ে করেছেন। সর্বশেষ তিনি বিয়ে করেন শাউন সাউথউইককে। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। 

২০১১ সালে সিএনএন ছাড়ার পর মনে করা হয়েছিল ল্যারি কিং অবসরে যাবেন। কিন্তু তিনি মৃত্যুর দিন পর্যন্ত উপস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন। ‘ল্যারি কিং নাও’ নামের অনুষ্ঠানটি ওরা টিভি, হুলু ও আরটি আমেরিকাতে সম্প্রচারিত হতো।