ভাষাসৈনিক আলী তাহের মজুমদার আর নেই

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:৫৯

ভাষাসৈনিক আলী তাহের মজুমদার আর নেই। শনিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চানপুর গ্রামের নিজ বাড়িতে ১০৬ বছর বয়সে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বৃটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলনসহ নানা আন্দোলন-সংগ্রামে এবং মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। আলী তাহের মজুমদার ১৯১৭ সালে ১২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম চারু মজুমদার ও মা সাবানী বিবি। তিনি দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে চানপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন, সহসভাপতি ও সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা।