যাত্রামোহন সেনের বাড়ির নিয়ন্ত্রণ নিলো প্রশাসন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২৩:০৭

নগরীর রহমতগঞ্জে ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত  যাত্রামোহন সেনগুপ্তের বাড়ির দখল নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল শনিবার সেই বাড়িতে ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জাদুঘর নির্মাণের জন্য নির্ধারিত স্থান’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন              কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) বদিউল আলম বলেন, এটি ব্রিটিশবিরোধী ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান। যাত্রামোহন সেনের এই বাড়ির সঙ্গে আমাদের স্বাধীনতা আন্দোলনের অনেক ইতিহাস জড়িত। কতিপয় দুষ্কৃতকারী অবৈধভাবে প্রবেশ করে এ স্থাপনা ভাঙচুর করে। পরে হাইকোর্টে এ সংক্রান্ত একটি রিট হয় এবং আদালত রুল জারি করে। সংবিধানের ২৪ অনুচ্ছেদে ঐতিহাসিক স্থাপনা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। সেই সাংবিধানিক দায়িত্বের অংশ এবং হাইকোর্টের রুলের পরিপ্রেক্ষিতে অবৈধ অনুপ্রবেশকারীদের সরিয়ে জেলা প্রশাসন এই ঐতিহাসিক স্থাপনা রক্ষার জন্য নিয়ন্ত্রণ নিয়েছে।’

 জেলা প্রশাসনের অন্য এক শীর্ষ কর্মকর্তা জানান, এই বাড়ি ১৯৯৬ সালে জাদুঘর করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। পরে ২০১৮ সালে আবার প্রস্তাব পাঠানো হয়। কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। এখন বাড়িটি জাদুঘর করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আবার প্রস্তাব পাঠানো হবে বলে জানান তিনি।