লন্ডন ফেরতদের কোয়ারেন্টিনে সময় বেড়ে সাত দিন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ০০:৩৭

লন্ডন ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সময় চার দিন থেকে বাড়িয়ে আবার সাত দিন করা হয়েছে। মাত্র আট দিনের মাথায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এর আগে ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন কার্যকর করে সরকার। প্রাথমিকভাবে ১৫ জানুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে ১৩ জানুয়ারি অপর এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য মন্ত্রণালয় কোয়ারেন্টিনের সময় ১৪ দিন থেকে কমিয়ে চার দিন করে। তবে চার দিন পর কোভিডের নমুনা পরীক্ষার পর ফলাফল নেগেটিভ আসলেই কেবল কোনো যাত্রী হোম কোয়ারেন্টিনে যেতে পারবেন, আর ফলাফল পজিটিভ আসলে তাকে হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার নতুন সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন। বর্তমানে সরকারিভাবে প্রাতিষ্ঠানিক কোয়িরেন্টিনের পাশাপাশি যুক্তরাজ্য ফেরত যাত্রীরা নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে থাকতে পারেন।