বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘গুড লাক জেরি’র শুটিং নিয়ে। পাঞ্জাবের একটি স্পটে সিনেমাটির শুটিং চলছিল। তবে এরইমাঝে ঘটলো নতুন বিপত্তি। ভারতে চলমান কৃষকদের আন্দোলনের মুখে বন্ধ করে দিতে হলো সিনেমাটির শুটিং। জানা গেছে, গত শনিবার পাঞ্জাবের পাটিয়ালা শহরের ভূপিন্দ্র রোডে চলছিল সিনেমাটির শুটিং। এ সময় প্রতিবাদরত কৃষকদের একটি দল সেখানে গিয়ে শুটিং থামানোর দাবি তোলে। তাদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। ফলে কাজ বন্ধ করে হোটেলে ফিরে আসতে হয় শুটিং ইউনিটকে। তবে এতেও ক্ষ্যান্ত হননি কৃষকরা। তারা হোটেলের সামনে এসেও শ্লোগান দিতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কৃষকদের অভিযোগ, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তাদের সমর্থনে কেউ কথা বলেননি। নতুন কৃষি আইন তুলে না নেওয়া পর্যন্ত পাঞ্জাবে কোনো শুটিং হতে দেবেন না বলে জানান তারা। তবে জাহ্নবীর সঙ্গে এমন ঘটনা এটাই প্রথম নয়, এর আগে গত ১১ জানুয়ারি এভাবেই বসি পাঠান শহরে শুটিং চলাকালীন বিক্ষোভ দেখিয়েছিল একদল কৃষক। তাদের প্রতিবাদ সম্পর্কে জাহ্নবীর মতামত জানতে চেয়েছিলেন তারা। এরপরই কৃষকদের সমর্থনে নিজের মতামত জানিয়ে ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছিলেন জাহ্নবী।
