প্রচার-প্রচারণায় মুখর পৌর এলাকা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৩১

ফেনী পৌরসভা নির্বাচন

ফেনী প্রতিনিধি

আগামী ৩০ জানুয়ারি ফেনী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তাই ভোর থেকে রাত পর্যন্ত প্রার্থীদের গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় সরগরম হয়ে উঠছে এলাকা। পৌরসভার ১৮টি সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ছয়টি মহিলা কাউন্সিলর পদের মধ্যে ইতিমধ্যে ১০ জন সাধারণ কাউন্সিলর ও পাঁচ জন মহিলা কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মেয়র পদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জাতীয় পার্টির ইয়ামিন হাসান ইমন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) তারিকুল ইসলাম ও ইসলামী আন্দোলনের গোলামুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ পৌরবাসী

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা জানান, নলছিটিতে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের নানা গুণগানসমৃদ্ধ স্লোগান প্রচার করা হচ্ছে মাইকে। এতে অতিষ্ঠ নলছিটি পৌরসভার বাসিন্দারা। আগামী ৩০ জানুয়ারি এ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে তিন মেয়র প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন লড়ছেন।  শহরের ব্যবসায়ী মনির হোসেন বলেন, প্রতিদিন প্রধান সড়ক দিয়ে সাত-আটটি মাইক উচ্চ শব্দে প্রচারণা চালায়। দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত মারাত্মক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। হাসপাতাল সড়কের বাসিন্দা মোশারেফ হোসেন বলেন, প্রার্থীদের প্রচার মাইক হাসপাতালের সামনে দিয়ে গেলেও থামে না। শব্দদূষণে আমরাই অতিষ্ঠ, রোগীদের অবস্থা আরো খারাপ হতে পারে।  রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান বলেন, উচ্চ শব্দ সবার জন্যই ক্ষতিকর। আমাদের ভ্রাম্যমাণ টিম রয়েছে মাঠে, তারা প্রয়োজনে এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারে।

হরিণাকুণ্ডু পৌরসভায়

জমে উঠেছে প্রচারণা

ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে প্রচারণা জমে উঠেছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মো. ফারুক হোসেন, বিএনপির মো. জিন্নাতুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নাসির উদ্দিন এবং মো. সাইফুল ইসলাম টিটু আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকুনুজ্জামান জানান, চার মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩০ জানুয়ারি হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় অংশ নেওয়ায় আওয়ামী লীগের হরিণাকুণ্ডু উপজেলা সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দারসহ তিনজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অপর দুজন হচ্ছেন—যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ ও হরিণাকুণ্ডুর বর্তমান পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু। শনিবার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জান  আছাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কনকনে ঠান্ডায়ও থেমে

নেই প্রচার প্রচারণা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, দামুড়হুদার দর্শনা পৌর নির্বাচনে কনকনে ঠান্ডা ও হিম বাতাস উপেক্ষা করে প্রার্থীরা বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ জানান, দর্শনা পৌর নির্বাচনে ৯টি ওয়ার্ডে ৪২ জন কাউন্সিলর, আট জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান মেয়র মতিয়ার রহমান, বিএনপির হাবিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আশকার আলি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩০ জানুয়ারি দর্শনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।