দুর্গাপুরে ভেজা বালু পরিবহন বন্ধের দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৩২

পৌর এলাকায় দোকান বন্ধের ঘোষণা

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা

ভেজা বালু পরিবহন করে রাস্তা চলাচলের অনুপযোগী করার প্রতিবাদ ও পৌর শহর দিয়ে ভেজা বালু পরিবহন বন্ধের দাবিতে দুর্গাপুর পৌরসভার সর্বস্তরের ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য সব দোকান বন্ধ ঘোষণা করেছেন। রবিবার সকালে ওষুধের দোকান ছাড়া খাবার দোকান ও কাঁচাবাজার বন্ধ ঘোষণা করে তারা রাস্তায় নেমে আসেন। পরে স্থানীয় শহিদ সন্তোষ পার্কের মাঠে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট প্রবীর মজুমদার চন্দন, উপজেলা সুজন সভাপতি অজয় সাহা, দুর্গাপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক বাপ্পী সাহা প্রমুখ। এদিকে সব প্রকার দোকান বন্ধ থাকায় বিপাকে পড়েন পৌরবাসী। পৌর সদরের বাসিন্দা মো. জামাল উদ্দিন জানান, সকাল থেকে দোকানপাট বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানম জানান, পৌর শহরের ভেতর দিয়ে বালু পরিবহন বন্ধের দাবিতে উপজেলা সদরের সব প্রকার দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেব।