মেঘনাতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৩৩

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মেঘনা নদীর তীরে শতাধিক অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিওটিএ। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন বিআইডব্লিওটিএর নিজস্ব ম্যাজিস্ট্রেট মাহাবুব জামিল। এ সময় আশুগঞ্জ-ভৈরব বিআইডব্লিওটিএর ডেপুটি ডিরেক্টর মো. শহীদ উল্লাহসহ ভৈরব নৌ-পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানকালে আশুগঞ্জ বড় বাজার এলাকায় আনোয়ার হাজির একতলা বসতবাড়ি, বিভিন্ন অবৈধ দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং নদীর মধ্যে বাঁশ দিয়ে তৈরি করা ড্রেজার পাইপ লাইন গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্বে থাকা কর্মকর্তারা জানান, মেঘনাকে দখলমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।