সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৩৪

এবার সাগরদাঁড়িতে বসছে না মধুমেলা

কেশবপুর (যশোর) সংবাদদাতা বৈশ্বিক মহামারি করোনার কারণে কেশবপুরের সাগড়দাঁড়িতে এ বছর হচ্ছে না মধু মেলা। প্রতিবছর বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ আধুনিক বাংলা কাব্যের রূপকার অমিত্রাক্ষর ছন্দের জনক ও সনেট প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে মধু মেলার আয়োজন করা হয়। চলমান করোনা মহামারির কারণে এ বছর মহাকবির জন্মবার্ষিকী ও সপ্তাহব্যাপী মধু মেলার আয়োজন হচ্ছে না বলে উদ্যাপন কমিটির সভাপতি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানিয়েছেন। আজ ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৭তম জন্মবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষ্যে যশোর জেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৩টায় উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ করা হবে বলে জানিয়েছেন উদ্যাপন কমিটির সদস্য সচিব কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পটিয়ায় ১৮ হাজার ইয়াবাসহ আটক ১

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা পটিয়ায় ১৮ হাজার ২২৫ পিস ইয়াবাসহ লন্ডন এক্সপ্রেস পরিবহনের চালক মো. বাদশা মিঞাকে (৩৮) আটক করেছে র্যাব-৭। শনিবার রাত ৩টার দিকে পটিয়া সদরের বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, এ ঘটনায় র্যাব-৭-এর এএসআই মো. মনিরুজ্জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পীরগঞ্জে নিষিদ্ধ ইটভাটা ভেঙে দিল প্রশাসন 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জ পৌরশহরে একটি নিষিদ্ধ ইটভাটা ভেঙে দিয়েছে জেলা প্রশাসন। রবিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী এ আদেশ দেন। পীরগঞ্জ পৌরশহরের গুয়াগাঁওয়ে অবস্থিত মো. শাহজাহান আলীর নিষিদ্ধ এমবি ইটভাটা এস্কাভেটর মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে নিষিদ্ধ ইটভাটা পরিচালনার দায়ে মালিককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক মাসের মধ্যে নিষিদ্ধ ইটভাটা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের নিষিদ্ধ ইটভাটা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী জানান।