গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ছয়টি অবৈধ ইটভাটা এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। রবিবার দিনব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। গাজীপুর পরিবেশ অধিপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানকালে কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকায় আব্দুল মালেক সরকারের মালিকানাধীন বড়ইবাড়ী ন্যাশনাল ব্রিকস-১ ও ২ গুঁড়িয়ে দেওয়া হয়। পরে গোয়ালবাথান এলাকায় বুলবুল আহমেদের জেবিবি ব্রিকস, দরবাড়িয়া এলাকার মেসার্স রায়মা ম্যানুফ্যাকচারিং ব্রিকস, হাবিবুর রহমানের স্টং ব্রিকস ও লাল মিয়ার মেসার্স ন্যাশনাল ব্রিকস ইটভাটাগুলো ভেঙে দেওয়া হয়। এছাড়া ঐসব ইটভাটা মালিককে ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে গাজীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, দিলরুবা আক্তার ও মমিন ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া চলতি বছরে গাজীপুর সদরসহ বিভিন্ন এলাকায় ৩২টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।
