সাভারে সাবেক সেনাসদস্যসহ দুই ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৪৬

ইত্তেফাক রিপোর্ট

সাভার থেকে সাবেক সেনাসদস্যসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে সাভারের বিরুলিয়ার শ্যামপুরের গোলাপগ্রাম ও আড়াপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত সেনাসদস্যের নাম ফজলুল হক (৫০)। তিনি মনিকগঞ্জ জেলার শিবালয় থানার শশীপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। পাঁচ বছর আগে ফজলুল হক সেনাবাহিনীর সৈনিক পদ থেকে অবসর নেন। এরপর থেকে তিনি পপুলার লাইফ ইনসিওরেন্স কোম্পানির মালিকের দেহরক্ষী হিসেবে চাকরি করতেন।

জানা গেছে, শনিবার বিকেলে মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে বের হন ফজলুল হক। রাতে তার পরিবার ফোন বন্ধ পায়। এরপর গতকাল রবিবার সকালে বিরুলিয়ার কমলাপুর এলাকায় ব্রিজের নিচে হাত বাঁধা ও মুখে কাপড় গোঁজা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে। 

অন্যদিকে সাভারের আড়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে পারভেজ হোসেন নামের (২৩) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানায়, গত শনিবার রাতে নিজ বাসায় পারভেজের ওপর হামলার ঘটনা ঘটে। পরকীয়ার জেরে তার ওপর হামলার ঘটনা ঘটেছিল। এ সময় ছুরি দিয়ে পারভেজের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা পারভেজকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মারা যান।

সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, কী কারণে তাদের দুজনকে হত্যা করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা করা হয়েছে।