উন্নত বাংলাদেশ গড়তে হলে উদ্যোক্তা সৃষ্টির বিকল্প নেই

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেছেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে সফল উদ্যোক্তা সৃষ্টির কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে বিডাও কাজ করে যাচ্ছে। আগামী বাংলাদেশের কথা মাথায় রেখে বিডা উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন  প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী  উদ্যোক্তা সৃষ্টি করে চলছে। এরই মধ্যে  এ প্রকল্পের মাধ্যমে বিডা ২১ হাজার জনকে প্রশিক্ষণ দিয়েছে। যার মধ্যে ৩ হাজারের বেশি উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছে। এর ফলে ৩০ হাজারের অধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। গতকাল রবিবার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এন্ট্রাপ্রেনিওর অ্যান্ড ইনোভেশন শীর্ষক এক অনলাইন সেমিনারে (ওয়েবিনার) তিনি এসব কথা বলেন। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ২০৩৫ সালে আমাদের কর্মক্ষম মানুষের সংখ্যা হবে ১২ কোটি ৫৮ লাখ, যা মোট জনসংখ্যার ৭০ শতাংশ। আমাদের এ সুযোগটা নিতে হবে। এখন ৪র্থ শিল্প বিপ্লবের যুগ। তাই আমাদেরও প্রযুক্তিনির্ভর হতে হবে। সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তিকে ব্যবহার না করতে পারলে টিকে থাকা যাবে না। ওয়েবিনারে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বক্তব্য দেন।