স্পোর্টস রিপোর্টার
আরামবাগের বিপক্ষে ম্যাচ জয় দিয়ে লিগের অভিযান শুরু করেছিল মোহামেডান। দ্বিতীয় ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হারে নিজ ভেন্যু কুমিল্লায়। কাল আবার ঢাকায় ফিরে তৃতীয় ম্যাচ ড্র করেছে মোহামেডান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকালে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মোহামেডান ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে। মোহামেডান গোল করে এগিয়ে থেকেও ম্যাচটা ড্র করে। ফুটবলাররা একদিকে বলছেন আফসোস সঙ্গে এটা বলছেন দুর্ভাগ্য।
মোহামেডান প্রথমার্ধে গোল পেয়েছিল পেনাল্টি হতে। দ্বিতীয়ার্ধেই সেটি পরিশোধ করে দেয় শেখ রাসেল। ঢাকার ফুটবলে এই দুটি দল ট্রেবল জয় করেছে। তাদের ইতিহাস আছে। যখন ট্রেবল জিতেছিল তখনকার শক্তি আর এখনকার শক্তির মধ্যে বিস্তর পার্থক্য। শেখ রাসেল এখন চ্যাম্পিয়ন হওয়ার কথাও বলে না। মোহামেডানও বলে না তারা শিরোপা জয়ের জন্য লড়াই করছে। দুই দলের ম্যানেজমেন্টে অনেক বেশি পরিবর্তন হয়েছে। তারা যেভাবে চাইবে দলও চলবে সেভাবে। তবে মোহামেডানের তুলনায় শেখ রাসেল অনেকটা এগিয়ে সাংগঠিনকভাবে। আর মোহামেডান নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তার পরও এই দুই দলের লড়াইটা সাংগঠনিক তত্পরতার ওপর নির্ভর করে না। মাঠে নামলে নিজ নিজ শক্তির ওপর ভর করে ম্যাচ জেতার লড়াই হয়। কালও বঙ্গবন্ধু স্টেডিয়ামে এমনটাই হয়েছে।
কোচ সাইফুল বারী টিটুর শেখ রাসেল আর ইংলিশ কোচ শন লেন, এক কথায় পেশাদার কোচ তারা। ছাড় দিতে রাজি না। শীতের তীব্রতায় গ্যালারিতেও কিছু দর্শক এসেছিল। দুই দলের আক্রমণেও তীব্রতা দেখেছেন। প্রথমার্ধের ৪৫ মিনিটের পর ইনজুরি টাইমের খেলায় সোহেল রানার হাতে বল লাগে। পেনাল্টি হতে গোল পায় মোহামেডান। মালির ফুটবলার সুলেমান দিয়াবাতে পেনাল্টি হতে গোল করেন ১-০। মোহামেডানের উল্লাস থেমে গিয়েছিল দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটেই। লোপেজ গোল করেন ১-১।
চট্টগ্রাম আবাহনীর
মধুর প্রতিশোধ
গত ৬ জানুয়ারি ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ফাইনালে উঠেছিল। সেই সাইফ কাল হেরে গেল চট্টগ্রাম আবাহনীর কাছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে। ম্যাচের ২৪ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন রোচা গোল করেন ১-০। দারুণ খুশি পুরো দল। মধুর প্রতিশোধ নিয়েছে তাই মাঠেই বাড়তি আনন্দ করল চট্টগ্রামের দল। আজ এবং আগামীকাল খেলা নেই।
রয়েল জেতালেন মুক্তিযোদ্ধাকে
মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রিমিয়ার ফুটবল লিগ দিয়ে অভিষেক ঘটেছে মুন্সীগঞ্জ বীর শ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামের। গতকাল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-০ গোলে আরামবাগকে হারিয়েছে। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন মেহেদী হাসান রয়েল। মুন্সীগঞ্জ স্টেডিয়ামে লিগের অভিষেক ম্যাচের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
