রাশিয়ায় পুতিনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২২:৩৭

রাশিয়ায় কারাদণ্ডপ্রাপ্ত বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির সমর্থনে অনুষ্ঠিত বিক্ষোভে যোগ দেওয়ায় ৩ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা পর্যবেক্ষকদের। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে হওয়া অন্যতম এই বিক্ষোভ র্যালিগুলোতে বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও হাজার হাজার মানুষ অংশ নেন। মস্কোতে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের শারীরিকভাবে নির্যাতন করছেন এমন অভিযোগও পাওয়া গেছে। খবর বিবিসির

প্রেসিডেন্ট পুতিনের সবচেয়ে বড় সমালোচক নাভালনি গত রবিবার গ্রেফতার হওয়ার পর বিক্ষোভের ডাক দেন। গত আগস্টে রাশিয়ায় নাভালনির ওপর স্নায়ু বিকল করার বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করা হয়। তারপর তিনি চিকিত্সার জন্য বার্লিনে ছিলেন। গত রবিবার বার্লিন থেকে মস্কোতে ফেরার পরই তাকে গ্রেফতার করা হয়। প্যারোলের শর্ত ভাঙার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। নাভালনি দাবি করেছেন যে, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। 

বিভিন্ন শহরে বিক্ষোভ

মস্কো, সেইন্ট পিটার্সবার্গ, সাইবেরিয়াসহ প্রায় ১০০ শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করে মানুষ। কিশোর ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা নাভালনির মুক্তি দাবি করে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মস্কোর র্যালিতে অন্তত ৪০ হাজার মানুষ অংশ নেয়। তবে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে বিক্ষোভকারীদের সংখ্যা ৪ হাজার। পর্যবেক্ষকরা বলছেন, রাশিয়ায় এই মাত্রার বিক্ষোভ আগে কখনো দেখা যায়নি, আর মস্কোতে গত ১০ বছরের মধ্যে এত বড় পরিসরে বিক্ষোভ হয়নি। ওভিডি ইনফো নামে একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, প্রায় ৩ হাজার ১০০ মানুষকে আটক করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২০০ জনের বেশি মস্কো থেকে। বিক্ষোভের মধ্যে নাভালনির স্ত্রী ইউলিয়াকেও কিছুক্ষণের জন্য আটক করে পুলিশ। তিনি ঐ ঘটনার একটি ছবিও তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। এ বিষয়ে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি।