শরণখোলায় সন্ত্রাসীর পা ভেঙে দুই চোখ নষ্ট করে দিয়েছে এলাকাবাসী

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২২:৩৭

শরণখোলায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক চিহ্নিত সন্ত্রাসীর পা ভেঙে দুই চোখ নষ্ট করে দিয়েছে অতিষ্ঠ এলাকাবাসী। রবিবার ভোরে উপজেলার মঠেরপাড় গ্রামের মাঠ থেকে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার রাজৈর গ্রামের নুরু মোল্লার পুত্র সন্ত্রাসী সাইফুলের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ অসংখ্য মামলা রয়েছে।

খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন জানান, সাইফুল দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সম্প্রতি রাজৈর এলাকায় চুরি করতে গেলে বাঁধা দেওয়ায় ইব্রাহিম নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে। এছাড়া একই এলাকার আসলাম হাওলাদারের একটি অন্তঃসত্ত্বা গরুর পায়ের রগ কেটে দেয়। এর আগে সে আসলামের ঘরে ঢুকে তার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করে। তার বিরুদ্ধে শরণখোলা থানায় এক ডজন মামলা রয়েছে। সাইফুল এর আগে একবার পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়ে যায় এবং বাগেরহাট জেলখানার দেওয়াল ডিঙ্গিয়ে পালানোর সময় ধরা পড়ে। সাইফুলের একের পর এক অপরাধ কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।