রাজশাহীর মোহনপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে মোহনপুর উপজেলার কামারপাড়া টাঙন গ্রামে এই হত্যাকাণ্ডে ঘটনা ঘটে। নিহত শাফিউল ইসলাম (২৫) ঐ গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
মোহনপুর থানার ওসি (তদন্ত) তৌহিদুর রহমান জানান, রবিবার সকালে বাড়ির অদূরের আমবাগানে শাফিউলের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ মর্গে পাঠায়। সুরতহাল রিপোর্টে শাফিউলের মাথা, কপাল ও চোখের নিচে জখম উল্লেখ রয়েছে। এছাড়া পলিথিন দিয়ে তার মাথা পেঁচানো ছিল। গলায় পেঁচানো ছিল রশি। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।
ওসি আরো জানান, রাত ৮টার দিকে শাফিউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগে আবদুল বারী (৩৫) নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড, তার তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
