আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘তখন করোনা পরিস্থিতি দেখে এবং কোভিড-১৯ জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ৪ ফেব্রুয়ারির পরেই প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে আসব, নাকি আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, এটি তখন সিদ্ধান্ত নেওয়া হবে।’ গতকাল রবিবার বাংলাদেশ ইউনেস্কো কমিশন আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষ্যে এক ভার্চুয়াল আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বেশি। এ কারণে গাদাগাদি করে ক্লাসরুমে বসতে হয়। এটা কোনোভাবেই এখন গ্রহণযোগ্য হবে না। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে ক্লাস হবে। বিষয়টি ঠিকমতো পালন করা হচ্ছে কি না, এর জন্য বিভিন্ন জায়গায় মনিটরিং টিম গঠন করে দিয়েছি।’
বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সেক্রেটারি জেনারেল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম প্রমুখ। আলোচনাসভায় মূল আলোচক হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে মহিবুল হাসান চৌধুরী বলেন, দক্ষতানির্ভর শিক্ষায় বাংলাদেশ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে। উপমন্ত্রী বলেন, উচ্চশিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনা জরুরি।
