ঘন কুয়াশা থাকবে আরো তিন দিন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২২:৪১

মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা ঘিরে রেখেছে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা। কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। ফলে দিনের বেলা তাপমাত্রা বেশি থাকলেও ঠান্ডা অনুভূত হচ্ছে। সেই সঙ্গে বাতাস থাকায় অনেক বেশি শীত অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আরো তিন দিন রাজধানীসহ সারা দেশে ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ শহীনুর রহমান জানান, আগামী তিন দিন দেশের কোথাও শৈত্যপ্রবাহ থাকবে না। তাপমাত্রা প্রায় একই থাকবে। তবে আগামী দুই থেকে তিন দিন ঢাকায় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। আগামী ২৭ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কমতে পারে। তখন আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও তিনি জানিয়েছেন। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে দুপর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, মূলত কুয়াশার কারণে সূর্যের আলো আসতে পারছে না। তাই দিনের বেলাতেও তাপমাত্রা বেশি থাকলেও ঠান্ডা অনুভূত হচ্ছে। তিনি বলেন, জানুয়ারি মাসের ৩০/৩১ তারিখের দিকে আরেকটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেটা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবে।

তাপমাত্রা ১০-৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ, ৮-৬ এর মধ্যে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ এর নিচে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, গত শনিবারও শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।