চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পির সাহেব চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত মেয়র প্রার্থী মুহাম্মদ জান্নাতুল ইসলাম ২৩ দফা অঙ্গীকার করে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল রবিবার নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ঘোষিত ইশতেহারে তিনি দুর্নীতি, অপব্যয় ও অপচয় রোধ করে নাগরিক সেবা বৃদ্ধি, চট্টগ্রামকে নারী-শিশুদের জন্য নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তার ইশতেহারে পর্যাপ্ত কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে।
মেয়র প্রার্থী জান্নাতুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, বর্তমানে বসবাসের অনুপযোগী একটি সিটিতে পরিণত হতে চলেছে চট্টগ্রাম। মানুষের জানমাল আজ হুমকির মুখে। হাজার হাজার কোটি টাকা বাজেট হওয়া সত্ত্বেও সিটি করপোরেশনের কাঙ্ক্ষিত মানের উন্নয়ন হয়নি। বারংবার মুখরোচক স্লোগানের ধোঁকায় আমরা আর কত নিপতিত হব? এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
